৩০ সেপ্টেম্বর, কানাডার আদিবাসীদের ইতিহাস ও একটি কমলা রঙের জামার গল্প
ব্রিটিশ কলম্বিয়া, কানাডার পশ্চিম প্রান্তে অবস্থিত এক অপূর্ব প্রদেশ। পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে রকি পর্বতমালা; আর মাঝখানে অসংখ্য পাহাড়, বন, নদী, হ্রদ আর সমুদ্র। প্রকৃতির এই অপূর্ব সমন্বয়ের কারণেই ব্রিটিশ কলম্বিয়াকে বলা হয় “Beautiful British Columbia.”
কানাডায় আসার পর গত কয়েক বছরে প্রতিদিনই যেন এই নামটির যথার্থতা নতুন করে উপলব্ধি করেছি। সত্যিই অসাধারণ এক প্রদেশ, যেদিকেই তাকাই, মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটি ছবি এঁকে রেখেছে। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই একদিন সামনে এসে দাঁড়াল এমন এক ইতিহাস, যা জানলে গা শিউরে ওঠে।
সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ংকর ইতিহাস: ২০২১ সালের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপসের Kamloops Indian Residential School-এর প্রাঙ্গণে ground-penetrating radar ব্যবহার করে Tk’emlúps te Secwépemc সম্প্রদায় ২১৫টি সম্ভাব্য অনির্দিষ্ট সমাধিস্থলের সন্ধান পাওয়ার কথা জানায়। খবরটি কানাডাজুড়ে গভীর আলোড়ন সৃষ্টি করে। Residential School system-এ পড়তে গিয়ে যারা আর কখনও বাড়ি ফিরে আসেনি, তাদের নিয়ে নতুন করে শুরু হয় ব্যাপক আলোচনা ও অনুসন্ধান।
এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি, ২১৫ সংখ্যাটি পুরো কানাডার Residential School system-এ মৃত শিশুর সংখ্যা নয়। এমনকি Kamloops-এর ক্ষেত্রেও এই ২১৫টি স্থানকে নিশ্চিতভাবে ২১৫টি শিশুর সমাধি হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। এগুলো ছিল radar-এ শনাক্ত হওয়া সম্ভাব্য burial-এর স্থান, যেগুলোর প্রকৃতি ও পরিচয় নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অন্যদিকে, National Centre for Truth and Reconciliation-এর গবেষণায় Residential School system-এর সঙ্গে সম্পর্কিত ৪,০০০-এরও বেশি শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে। গবেষণা ও রেকর্ড অনুসন্ধানের কাজ এখনও চলছে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
ভাবা যায়? হাজার হাজার শিশু।
কানাডার আদিবাসীদের ইতিহাস বুঝতে হলে Residential School system-এর ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৬৭ সালে কানাডা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আদিবাসী জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৮৭৬ সালের Indian Act সেই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর Residential School system ধীরে ধীরে বিস্তৃত হয়। এর উদ্দেশ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল Indigenous শিশুদের তাদের পরিবার, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে ইউরোপীয়-কানাডীয় সমাজে আত্মীকরণ করা।
১৮৮৩ সালে কানাডার প্রথম প্রধানমন্ত্রী স্যার জন এ. ম্যাকডোনাল্ড পার্লামেন্টে এমন যুক্তি দিয়েছিলেন যে Indigenous শিশুরা পরিবার ও রিজার্ভের পরিবেশে থাকলে তাদের চিন্তা ও জীবনধারা আদিবাসীই থেকে যাবে। তাই তাদের পরিবার ও অভিভাবকদের প্রভাব থেকে দূরে সরিয়ে আবাসিক বিদ্যালয়ে শিক্ষিত করা প্রয়োজন। পরবর্তীকালে বহু Indigenous শিশুর জন্য এসব স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হয়। এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় কানাডার ফেডারেল সরকার এবং বিভিন্ন চার্চ প্রতিষ্ঠান—বিশেষ করে Roman Catholic Church, Anglican ও অন্যান্য খ্রিস্টান চার্চ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
শিশুদের নিজেদের ভাষায় কথা বলা, নিজেদের সংস্কৃতি চর্চা করা এবং পারিবারিক পরিচয় ধরে রাখার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা ছিল। বহু survivor তাঁদের সাক্ষ্যে শারীরিক ও মানসিক নির্যাতন, কঠোর শাস্তি, অপুষ্টি এবং যৌন নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এটি কেবল শিক্ষা দেওয়ার একটি ব্যবস্থা ছিল না; এটি ছিল এমন একটি রাষ্ট্রীয়-প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যার মাধ্যমে Indigenous শিশুদের তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল।
Kamloops-এর গল্প
Kamloops Indian Residential School ছিল কানাডার অন্যতম বৃহৎ Residential School। প্রতিষ্ঠানটি ১৮৯০ সালে শুরু হয় এবং ১৯৭৮ সাল পর্যন্ত চালু ছিল। একসময় সেখানে বছরে ৫০০-এরও বেশি শিশু পড়াশোনা করত। অনেক শিশুকে তাদের পরিবার থেকে বহু দূরে নিয়ে আসা হয়েছিল। কেউ কেউ আর কখনও বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারেনি। সবচেয়ে বেদনাদায়ক বিষয়গুলোর একটি হলো, অনেক শিশুর মৃত্যুর যথাযথ নথি আজও পাওয়া যায়নি।
National Centre for Truth and Reconciliation-এর গবেষণায় দেখা গেছে, বহু শিশুর মৃত্যুর রেকর্ড হারিয়ে গেছে, নষ্ট হয়েছে অথবা সঠিকভাবে সংরক্ষিত হয়নি। ফলে যারা একদিন Residential School-এ গিয়েছিল কিন্তু আর বাড়ি ফিরে আসেনি, তাদের প্রত্যেকের গল্প আজও আমরা জানি না। ২০২১ সালের Kamloops-এর অনুসন্ধান তাই শুধু ২১৫টি সম্ভাব্য burial-এর প্রশ্ন নয়। এটি আমাদের সামনে আরও বড় একটি প্রশ্ন দাঁড় করিয়েছে। কত শিশু হারিয়ে গিয়েছিল, যাদের গল্প আমরা এখনও জানি না
এ ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ভয়াবহ পরিস্থিতির কিছু তথ্য বহু আগেই সরকারের সামনে এসেছিল। ১৯০৭ সালে আদিবাসী বিভাগের চিকিৎসক ডা. পিটার ব্রাইস Residential School-গুলো পরিদর্শন করে যক্ষ্মা, অপর্যাপ্ত জায়গা ও আলো-বাতাস এবং উচ্চ মৃত্যুহারের তথ্য তুলে ধরেছিলেন। তিনি পরিস্থিতির উন্নতির জন্য সুপারিশও করেছিলেন। কিন্তু তাঁর সতর্কবার্তা যথাযথ গুরুত্ব পায়নি। পরবর্তী কয়েক দশকে আরও অনেক শিশু নির্যাতন ও অবহেলার শিকার হয়।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে Residential School survivors তাঁদের অভিজ্ঞতা প্রকাশ্যে বলতে শুরু করেন। ১৯৯০ সালে Indigenous নেতা এবং Residential School survivor ফিল ফন্টেইন CBC-তে নিজের শারীরিক ও যৌন নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করেন। এরপর একের পর এক survivor তাঁদের জীবনের কথা বলতে শুরু করেন। শুরু হয় মামলা, তদন্ত এবং কানাডার অতীতকে নতুনভাবে পর্যালোচনার একটি দীর্ঘ প্রক্রিয়া। ১৯৯৬ সালে কানাডার সর্বশেষ Residential School বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় Truth and Reconciliation Commission (TRC)। একই বছর তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার কানাডা সরকারের পক্ষ থেকে Residential School survivors এবং তাঁদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।
এরপর ক্ষতিপূরণ ও সমঝোতার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাজার হাজার সাবেক Residential School শিক্ষার্থীকে অর্থ প্রদান করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়— অর্থ দিয়ে কি হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দেওয়া যায়? যে শিশুরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তারা কি সবাই আবার মায়ের কাছে ফিরে যেতে পেরেছিল? না।
৪,০০০-এরও বেশি শিশুর মৃত্যুর তথ্য ইতোমধ্যে নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট গবেষক ও Truth and Reconciliation-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন। আরও বেদনাদায়ক বিষয় হলো—মারা যাওয়া অনেক শিশুকে কোথায়, কখন এবং কীভাবে সমাধিস্থ করা হয়েছিল, তার তথ্য আজও অজানা। কিছু শিশু হয়তো একটি নামহীন কবরেই শুয়ে আছে। কিছু শিশুর হয়তো কোনো কবরের চিহ্নই নেই। আর কিছু শিশুর গল্প হয়তো কোনোদিনই পুরোপুরি জানা যাবে না।
একটি কমলা জামার গল্প
১৯৭৩ সালে মাত্র ছয় বছর বয়সী আদিবাসী শিশু ফিলিস ওয়েবস্ট্যাড Residential School-এ যাওয়ার সময় তাঁর দাদির কিনে দেওয়া প্রিয় নতুন কমলা রঙের জামাটি পরে গিয়েছিলেন। স্কুলে পৌঁছানোর পর তাঁর সেই জামাসহ ব্যক্তিগত পোশাক খুলে নেওয়া হয়। কমলা জামাটি আর কখনও তাঁকে ফেরত দেওয়া হয়নি। ছোট্ট ফিলিসের কাছে এটি শুধু একটি জামা হারানোর ঘটনা ছিল না। তাঁর মনে হয়েছিল, তাঁর অনুভূতি, তাঁর পরিচয়—এমনকি তিনি নিজেও যেন আর গুরুত্বপূর্ণ নন।
কিন্তু বহু বছর পরে সেই হারিয়ে যাওয়া কমলা জামাটিই হয়ে উঠল একটি শক্তিশালী প্রতীক। ২০১৩ সালে ব্রিটিশ কলাম্বিয়ায় তাঁর অভিজ্ঞতাকে কেন্দ্র করে শুরু হয় Orange Shirt Day। আর সেই কমলা জামার বুকে লেখা থাকে, “Every Child Matters.” যে শিশুরা বাড়ি ফিরে এসেছিল, তারা গুরুত্বপূর্ণ। যারা আর কোনোদিন তাদের মায়ের কাছে ফিরে যেতে পারেনি, তারাও গুরুত্বপূর্ণ। তাদের হারিয়ে যাওয়া শৈশব গুরুত্বপূর্ণ। তাদের ভাষা গুরুত্বপূর্ণ। তাদের সংস্কৃতি গুরুত্বপূর্ণ। তাদের পরিচয় গুরুত্বপূর্ণ।
আজ ৩০ সেপ্টেম্বর, National Day for Truth and Reconciliation। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে স্কুলগুলোতে, কমলা টি-শার্ট পরে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। মানুষ Orange Shirt Day-এর বার্তার প্রতি সম্মান জানায়। কিন্তু এই দিনটি শুধু কমলা জামা পরার দিন নয়। এটি কানাডার ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়কে স্বীকার করার দিন। নির্যাতনের শিকার মানুষদের কথা শোনার দিন। হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করার দিন। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার করার দিন, যেখানে সত্যিই Every Child Matters।









Beautiful British Columbia, আর তার মাটির নিচের ভয়ংকর ইতিহাস
ব্রিটিশ কলাম্বিয়ায় বসবাস করতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য প্রতিদিনই আমাকে মুগ্ধ করে। পাহাড়, বন, নদী, হ্রদ আর সমুদ্রের এই অসাধারণ প্রদেশটির দিকে তাকালে মনে হয়, প্রকৃতি যেন নিজের হাতে একটি ছবি এঁকে রেখেছে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই যখন Kamloops-এর ইতিহাসের কথা মনে পড়ে, তখন মন ভারী হয়ে আসে। যে শিশুরা একদিন বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিল, তাদের অনেকেই আর কখনও ফিরে যেতে পারেনি। তাদের নাম হয়তো হারিয়ে গেছে। তাদের অনেকের গল্প হয়তো আমরা কখনও জানতে পারব না। কিন্তু তাদের অস্তিত্ব, তাদের জীবন এবং তাদের হারিয়ে যাওয়ার ইতিহাস যেন কখনও বিস্মৃত না হয়। এই ইতিহাস শুধু Indigenous জনগোষ্ঠীর ইতিহাস নয়।
এটি কানাডার ইতিহাস। আর ইতিহাসের এই বেদনাদায়ক অধ্যায় সম্পর্কে জানা, স্মরণ করা এবং সত্যকে স্বীকার করা আমাদের সবার দায়িত্ব। কানাডা সরকার এই ইতিহাসের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। Residential School system-এর ক্ষত ও তার দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় Truth and Reconciliation-এর কাজ এখনও চলছে। বিভিন্ন সম্প্রদায়, প্রতিষ্ঠান ও গবেষকরা হারিয়ে যাওয়া শিশুদের পরিচয় ও তাদের জীবনের তথ্য খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন। কারণ ইতিহাস স্বীকার করা মানেই ক্ষত মুছে যাওয়া নয়। বরং কিছু ইতিহাস আছে, যেগুলো আমাদের বারবার মনে রাখতে হয়, যাতে সেই ইতিহাস আর কখনও ফিরে না আসে।












ব্রিটিশ কলম্বিয়ার কামলুপসের Indian Residential School-এর প্রাঙ্গনে ঘুরে আসি আমার ছেলেকে নিয়ে ।
একদিন আমার ছেলেকে নিয়ে ব্রিটিশ কলাম্বিয়ার Kamloops Indian Residential School-এর প্রাঙ্গণে গিয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে চারপাশের পাহাড়ের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল, আমার ছেলে আজ আমার সাথে আছে। কিন্তু, এই সুন্দর প্রকৃতির মাঝেই কত শিশু হয়তো একদিন তাদের মা-বাবার কাছে ফিরে যাওয়ার অপেক্ষা করেছিল। আজ তারা নেই। কিন্তু তাদের গল্প আছে। তাদের স্মৃতি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই প্রার্থনা ছিল, আর কোনো শিশু যেন এমন নির্যাতনের শিকার না হয়। আর কোনো শিশু যেন নিজের পরিবার থেকে এভাবে বিচ্ছিন্ন না হয়। আর কোনো পরিবার যেন তাদের সন্তানের ফিরে আসার অপেক্ষায় সারাজীবন না কাটায়।
“Every Child Matters“
— রিপন কুমার দে
৩০ সেপ্টেম্বর ২০২১, কামলুপস